ঝিনেদার জ্ঞাদনার

ছেলেটার জন্যে

ত্রিচিনাপল্লী গিয়ে

খুঁজে পেল কন্যে।

শহরেতে সব-সেরা

ছিল যেই বিবেচক

দেখে দেখে বললে সে,--

"কিবে নাক, কিবে চোখ;

চুলের ডগার খুঁত

বুঝবে না অন্যে।'

কন্যেকর্তা শুনে

ঘটকের কানে কয়,--

"ওটুকু ত্রুটির তরে

করিস্‌নে কোনো ভয়;

ক'খানা মেয়েকে বেছে

আরো তিনজন নে,

তাতেও না ভরে যদি

ভরি কয় পণ নে।'