আমার নয়ন তব নয়নের নিবিড় ছায়ায়

মনের কথার কুসুমকোরক খোঁজে।

সেথায় কখন্‌ অগম গোপন গহন মায়ায়

পথ হারাইল ও-যে।

আতুর দিঠিতে শুধায় সে নীরবেরে,

নিভৃত বাণীর সন্ধান নাই যে রে;

অজানার মাঝে অবুঝের মতো ফেরে

অশ্রুধারায় ম'জে।

আমার হৃদয়ে যে কথা লুকানো, তার আভাষণ

ফেলে কভু ছায়া তোমার হৃদয়তলে?

দুয়ারে এঁকেছি রক্ত রেখায় পদ্ম-আসন,

সে তোমারে কিছু বলে?

তব কুঞ্জের পথ দিয়ে যেতে যেতে

বাতাসে বাতাসে ব্যথা দিই মোর পেতে,

বাঁশি কী আশায় ভাষা দেয় আকাশেতে

সে কি কেহ নাহি বোঝে।