কলছন্দে পূর্ণ তার প্রাণ--

নিত্য বহমান

ভাষার কল্লোলে

জাগাইয়া তোলে

চারি ধারে

প্রত্যহের জড়তারে;

সংগীতে তরঙ্গ তুলি

হাসিতে ফেনিল তার ছোটো দিনগুলি।

আঁখি তার কথা কয়, বাহুভঙ্গি কত কথা বলে,

চরণ যখন চলে

কথা কয়ে যায়--

যে কথাটি অরণ্যের পাতায় পাতায়;

যে কথাটি ঢেউ তোলে

আশ্বিনে ধানের খেতে, প্রান্ত হতে প্রান্তে যায় চলে;

যে কথাটি নিশীথতিমিরে,

তারায় তারায় কাঁপে অধীর মির্মিরে;

যে কথাটি মহুয়ার বনে

মধুপগুঞ্জনে

সারাবেলা উঠিছে চঞ্চলি--

নাম কি কাকলী।