কী কথা বলিব বলে

বাহিরে এলেম চলে,

দাঁড়ালেম দুয়ারে তোমার--

ঊর্ধ্বমুখে উচ্চরবে

বলিতে গেলেম যবে

কথা নাহি আর।

যে কথা বলিতে চাহে প্রাণ

সে শুধু হইয়া উঠে গান।

নিজে না বুঝিতে পারি,

তোমারে বুঝাতে নারি,

চেয়ে থাকি উৎসুক-নয়ান।

তবে কিছু শুধায়ো না--

শুনে যাও আনমনা,

যাহা বোঝ, যাহা নাই বোঝ।

সন্ধ্যার আঁধার-পরে

মুখে আর কণ্ঠস্বরে

বাকিটুকু খোঁজো।

কথায় কিছু না যায় বলা,

গান সেও উন্মত্ত উতলা।

তুমি যদি মোর সুরে

নিজ কথা দাও পুরে

গীতি মোর হবে না বিফলা।