গান

কী বেদনা মোর জানো সে কি তুমি, জানো,

ওগো মিতা মোর, অনেক দূরের মিতা--

আজি এ নিবিড় তিমিরযামিনী

বিদ্যুৎ-সচকিতা।

বাদল বাতাস ব্যেপে

হৃদয় উঠিছে কেঁপে,

ওগো, সে কি তুমি জানো!

উৎসুক এই দুখজাগরণ,

এ কি হবে হায় বৃথা!

ওগো মিতা মোর, অনেক দূরের মিতা,

আমার ভবনদ্বারে

রোপণ করিলে যারে

সজল হাওয়ার করুণ পরশে

সে মালতী বিকশিতা--

ওগো, সে কি তুমি জানো।

তুমি যার সুর দিয়েছিলে বাঁধি

মোর কোলে আজ উঠিছে সে কাঁদি,

ওগো, সে কি তুমি জানো!

সেই যে তোমার বীণা সেকি বিস্মৃতা,

ওগো মিতা, মোর অনেক দূরের মিতা!