কেন চেয়ে আছ, গো মা, মুখপানে!

এরা চাহে না তোমারে চাহে না যে,

আপন মায়েরে নাহি জানে।

এরা তোমায় কিছু দেবে না, দেবে না--

মিথ্যা কহে শুধু কত কী ভানে।

তুমি তো দিতেছ মা, যা আছে তোমারি--

স্বর্ণশস্য তব,জাহ্নবীবারি,

জ্ঞান ধর্ম কত পুণ্যকাহিনী।

এরা কী দেবে তোরে, কিছু না, কিছু না--

মিথ্যা কবে শুধু হীন পরানে!

মনের বেদনা রাখো মা মনে,

নয়নবারি নিবারো নয়নে,

মুখ লুকাও মা, ধূলিশয়নে--

ভুলে থাকো যত হীন সন্তানে।

শূন্য-পানে চেয়ে প্রহর গণি গণি

দেখো কাটে কি না দীর্ঘ রজনী,

দুঃখ জানায়ে কী হবে জননী,

নির্মম চেতনহীন পাষাণে।