কেবল তব মুখের পানে

চাহিয়া,

বাহির হনু তিমির-রাতে

তরণীখানি বাহিয়া।

অরুণ আজি উঠেছে--

আশোক আজি ফুটেছে--

না যদি উঠে,না যদি ফুটে,

তবুও আমি চলিব ছুটে

তোমার মুখে চাহিয়া।

নয়নপাতে ডেকেছ মোরে

নীরবে।

হৃদয় মোর নিমেষ-মাঝে

উঠেছে ভরি গরবে।

শঙ্খ তব বাজিল--

সোনার তরী সাজিল--

না যদি বাজে, না যদি সাজে,

গরব যদি টুটে গো লাজে

চলিব তবু নীরবে।

কথাটি আমি শুধাব নাকো

তোমারে।

দাঁড়াব নাকো ক্ষণেক-তরে

দ্বিধার ভরে দুয়ারে।

বাতাসে পাল ফুলিছে--

পতাকা আজি দুলিছে--

না যদি ফুলে, না যদি দুলে,

তরণী যদি না লাগে কূলে

শুধাব নাকো তোমারে।